ফুটওভার ব্রিজের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে নিরাপদে সড়ক পারাপারের ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি বারবার জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। সহপাঠীর মৃত্যুর পর তারা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ |নয়া দিগন্ত

গাজীপুর মহানগরের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার কয়েক হাজার শিক্ষার্থী।

সড়ক দুর্ঘটনায় সহপাঠী ইয়াসিন আলীর মৃত্যুর প্রতিবাদে রোববার (৯ আগস্ট) বেলা ১১টা থেকে তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে, জেলা প্রশাসক (ডিসি) অথবা গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ঘটনাস্থলে এসে ফুটওভার ব্রিজ নির্মাণের লিখিত বা আনুষ্ঠানিক আশ্বাস না দেয়া পর্যন্ত তারা অবরোধ প্রত্যাহার করবে না। দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিল।

শিক্ষার্থীরা জানান, শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী (১৭) নিহত হয়। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

বিক্ষোভরত শিক্ষার্থীদের অভিযোগ, গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে নিরাপদে সড়ক পারাপারের ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি বারবার জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। সহপাঠীর মৃত্যুর পর তারা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছে।

অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এতে কর্মজীবী মানুষ, যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঘটনাস্থলে পুলিশ, ট্রাফিক বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে শিক্ষার্থীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে দুপুর ২টা পর্যন্ত অবরোধ প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত হয়নি।