চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারীতে সড়ক দুর্ঘটনায় রহমান গাজী (৮৩) নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রহমান গাজী উপজেলার চর কচুড়িয়া গ্রামের মরহুম কদম আলী গাজীর ছেলে ও চর কচুড়িয়া উত্তরপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন এবং প্রতিষ্ঠাতা।
নিহতের স্বজন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান জানান, রোববার সকালে মুয়াজ্জিন রহমান অটোভ্যানে মসজিদের কাজে উপজেলা পরিষদে যাচ্ছিলেন। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোবাইকে ধাক্কা মারে। এতে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে বেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
চিতলমারী উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায় জানান, গুরুতর আহত অবস্থায় রহমান গাজীকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুর রহমান জানান, নিহত রহমান গাজীর পরিবারের অনুরোধে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।



