খুলনায় গ্রাম আদালত বিষয়ে তথ্য কর্মকর্তাদের মতবিনিময় সভা

সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-তৃতীয় পর্যায়ের জাতীয় প্রকল্প পরিচালক সুরাইয়া আখতার জাহান।

খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনায় গ্রাম আদালত বিষয়ে তথ্য কর্মকর্তাদের মতবিনিময় সভায় অতিথিরা
খুলনায় গ্রাম আদালত বিষয়ে তথ্য কর্মকর্তাদের মতবিনিময় সভায় অতিথিরা |নয়া দিগন্ত

বিভাগীয় পর্যায়ে জেলা তথ্য কর্মকর্তাদের সাথে গ্রাম আদালতবিষয়ক মতবিনিময় সভা আজ শনিবার খুলনা একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-তৃতীয় পর্যায়ের জাতীয় প্রকল্প পরিচালক সুরাইয়া আখতার জাহান।

সভায় প্রধান অতিথি বলেন, ‘সমাজের তৃণমূল জনগণকে বিচার প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আইনি কাঠামোর আওতায় পরিচালিত হওয়ায় গ্রাম আদালতের সিদ্ধান্ত ও কার্যক্রম জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়। সম্মিলিত উদ্যোগে গ্রামের সাধারণ ও নিরীহ মানুষকে গ্রাম আদালতের মাধ্যমে আইনি সেবা প্রদান করা গেলে তারা সহজেই আর্থিক ও মানসিক হয়রানি থেকে রক্ষা পাবে।’

তিনি আরো বলেন, ‘প্রতারণা, ঝগড়া-বিবাদ, হুমকি, নারীর প্রতি অসম্মানজনক আচরণ, বাল্যবিবাহ, তালাক, অভিভাবকত্বসহ বিভিন্ন ক্ষুদ্র দেওয়ানি ও ফৌজদারি বিরোধের নিষ্পত্তি গ্রাম আদালতের মাধ্যমে করা সম্ভব। এসব বিষয়ে জনগণকে সচেতন করতে গণযোগাযোগ অধিদফতর তাদের প্রচার কৌশল ও কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’

এ সময় তিনি জানান, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভবিষ্যতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মো: আব্দুল জলিল।

অনুষ্ঠানে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-তৃতীয় পর্যায় প্রকল্পের জাতীয় সমন্বয়কারী বিভাষ চক্রবর্তী, গণযোগাযোগ অধিদফতরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন ও পিরোজপুর জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরী বক্তৃতা করেন।

গণযোগাযোগ অধিদফতরের সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-তৃতীয় পর্যায় প্রকল্প এ অনুষ্ঠান আয়োজন করে। সভায় খুলনা ও বরিশাল বিভাগের জেলা তথ্য কর্মকর্তারা অংশ নেন।