ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে নিহত ৬

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে সিঁড়ি দিয়ে নামার সময় পদদলিত হয়ে এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে নিহত ৬
ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ডে পদদলিত হয়ে নিহত ৬ |নয়া দিগন্ত

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে সিঁড়ি দিয়ে নামার সময় পদদলিত হয়ে এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের আটতলায় লিফটের কন্ট্রোল রুমে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনের ধোঁয়া ও আতঙ্কেই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০) ও কুলসুমা (৩৫)। নিহত অপরজন অজ্ঞাত এক শিশু। তার নাম পরিচয় এখনো জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে নতুন ভবনের আটতলায় লিফটের কন্ট্রোল রুমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় অনেকে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টা করেন। একপর্যায়ে সিঁড়িতে হুড়োহুড়ি ও পদদলনের ঘটনা ঘটে। এতে এক শিশুসহ ছয়জনের মৃত্যু হয়।

খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে এলে অতিরিক্ত ইউনিটগুলো সরিয়ে নেয়া হয়। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে চারটি ইউনিট ঘটনাস্থলে রাখা হয়েছে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, ‘হাসপাতালের নতুন আটতলা ভবনের লিফটের কন্ট্রোল রুমে থাকা কন্ট্রোলার মেশিনের সাথে যুক্ত বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

তিনি বলেন, ‘কন্ট্রোল রুমে আগুন লাগার কারণে ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনের পরিমাণ বড় না হলেও ধোঁয়ার কারণে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।’

এদিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডে হাসপাতালের কোনো ওয়ার্ডের ক্ষয়ক্ষতি হয়নি। আগুনের প্রকৃত কারণ এবং বৈদ্যুতিক ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

অগ্নিকাণ্ডের পর হাসপাতালজুড়ে নিরাপত্তা ও আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনটি পর্যবেক্ষণ করেন।