ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুসংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
বুধবার (২২ জুলাই) সকালে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৫০ বছরের বেশি। গত কয়েকদিন ধরে তাকে মহাসড়কের আশপাশে ঘোরাফেরা করতে দেখেছেন স্থানীয়রা। এলাকাবাসীর ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, বরিশাল-ঢাকা মহাসড়কে কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় ওই নারী আহত হয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এটি কেবল প্রাথমিক ধারণা; মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
লাশটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে পুলিশের সিআইডি টিম কাজ করছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাখাওয়াত হোসেন বলেন, ‘স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’



