জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক যায়যায়দিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবি ও সাধারণ সম্পাদক পদে ক্যাম্পাস টাইমসের প্রতিনিধি মো: জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন। তারা উভয়েই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রোববার (৩০ আগস্ট) জাবিপ্রবির নকশীকাঁথা ভবনে সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান।
নির্বাচনে সহ-সভাপতি পদে এডুকেশন টাইমসের আল শাহরিয়া রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এশিয়া পোস্টের মো: নাঈম ইসলাম, অর্থ সম্পাদক পদে দ্য ডেইলি চেক পোস্টের মো: ইকরাম মাহমুদ প্রধান ও দফতর সম্পাদক পদে দ্যা স্টুডেন্ট জার্নালের মিরাজ হোসেন নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুর নিউজ২৪ ডটকমের মো: মিরাজুল ইসলাম, দ্যা ডেইলি ক্যাম্পাসের মো: বেলাল হোসাইন ও নবধারার আহাদুজ্জামান অনন্ত।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের চেয়ারম্যান মো: সিজার রহমান ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান।
নির্বাচিত সভাপতি মুসলিম ইবনে রবি বলেন, ‘সাংবাদিক সমিতির সভাপতি হতে পেরে আমি আনন্দিত। সর্বপ্রথম আমার স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করি, সাংবাদিক সমিতির ব্যক্তিবর্গের এই সমর্থন আমার কাছে এক পবিত্র আমানত। সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। কোনো ভয় বা প্রলোভনের ঊর্ধ্বে উঠে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূলনীতিতে অবিচল থাকাই হবে আমার প্রধান লক্ষ্য।’
তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়, অনিয়ম তুলে ধরা এবং ক্যাম্পাসে মুক্তচিন্তার চর্চাকে আরো সমৃদ্ধ করতে আমার কলম সর্বদা সোচ্চার থাকবে। সাংবাদিক সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’
প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, ‘সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ অনুযায়ী নির্বাচনী বিধিমালা অনুসরণ করে স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ায় নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।’
ভোট গ্রহণ চলাকালে প্রেসক্লাব জামালপুর, জামালপুর জেলা প্রেসক্লাব, মেলান্দহ উপজেলা প্রেসক্লাব ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির নেতারাও নির্বাচন পর্যবেক্ষণ করেন এবং নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান।



