নলডাঙ্গায় বিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জাল ও নৌকা জব্দ

অবৈধ জাল দিয়ে পোনা মাছ নিধন রোধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় বিপুল পরিমাণ জাল ও মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
অবৈধ জাল জব্দ করা হচ্ছে
অবৈধ জাল জব্দ করা হচ্ছে |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গার হালতি বিলের পাটুল এলাকায় অবৈধ জাল দিয়ে পোনা মাছ নিধন রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ধ্বংস ও নৌকা জব্দ করা হয়েছে। অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায়, ৫৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ও ৫০০ ফুট বাঁধাই জাল ধ্বংস এবং মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত হালতি বিলের পাটুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানার পুলিশ সদস্য, আনসার সদস্যসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে একটি মামলায় মো: মিঠু মণ্ডলকে (৪৮) ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি উপজেলার পশ্চিম মাধনগর এলাকার মো: সেরবাজ মণ্ডলের ছেলে। একই সাথে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার বিষয়ে মুচলেকা নেয়া হয়।

এ সময় পোনা মাছ ধরায় ব্যবহৃত প্রায় ৫৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ও ৫০০ ফুট বাঁধাই জাল জব্দ করা হয়। জব্দ জালের আনুমানিক মূল্য দুই লাখ ২১ হাজার টাকা। পরে জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।

নয়া দিগন্তে পোনামাছ নিধনের সংবাদ প্রকাশের পর এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেন বলেন, ‘দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পোনা মাছ নিধন রোধে অবৈধ কারেন্ট জালসহ ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যহত থাকবে।’