বিজিবির ৪৮ ঘণ্টার চ্যালেঞ্জিং অপারেশনে বান্দরবানে আটকেপড়া ৪ পর্যটক উদ্ধার

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং বৈরী আবহাওয়ার কারণে নদীপথ অচল হয়ে পড়লে তারা সেখানে আটকা পড়েন।

নিজস্ব প্রতিবেদক

Location :

Bandarban
বৈরী আবহাওয়ায় দুর্গম পাহাড়ী এলাকায় আটকাপড়া চার পর্যটককে উদ্ধার করেছে বিজিবি
বৈরী আবহাওয়ায় দুর্গম পাহাড়ী এলাকায় আটকাপড়া চার পর্যটককে উদ্ধার করেছে বিজিবি |বিজিবি

প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম থুইসাপাড়া এলাকায় বৈরী আবহাওয়াজনিত কারণে আটকাপড়া চার পর্যটককে ৪৮ ঘণ্টাব্যাপী অত্যন্ত চ্যালেঞ্জিং উদ্ধার অভিযানের মাধ্যমে নিরাপদে থানচিতে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ৪ জুলাই বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পর্যটনকেন্দ্র অমিয়াখুম ভ্রমণের উদ্দেশ্যে ওই চারজন পর্যটক থুইসাপাড়া এলাকায় যান। পরে ৭ জুলাই থেকে টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং বৈরী আবহাওয়ার কারণে নদীপথ অচল হয়ে পড়লে তারা সেখানে আটকা পড়েন।

সংবাদ পাওয়ার পরপরই বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধীনস্থ জিন্নাপাড়া ক্যাম্প থেকে বিজিবির একটি আভিযানিকদল থুইসাপাড়ায় পৌঁছে পর্যটকদের সাথে যোগাযোগ স্থাপন করে। বিজিবি সদস্যরা তাদের সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন এবং স্থানীয় কারবারির সাথে সমন্বয়ের মাধ্যমে পর্যটকদের নিরাপদ অবস্থান, থাকা-খাওয়া ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেন। একইসাথে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের তত্ত্বাবধানে তাদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। বৈরী আবহাওয়ার কারণে নদীপথে থানচিতে ফিরে আসা তখন সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়ে।

পরে প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে ১১ জুলাই বিজিবি উদ্ধার অভিযান শুরু করে। জিন্নাপাড়া ক্যাম্পের আভিযানিকদল থুইসাপাড়া থেকে চার পর্যটককে সাথে নিয়ে বিকল্প পাহাড়ি পথে পায়ে হেঁটে থুইসাপাড়া–জিন্নাপাড়া–হালিরামপাড়া–নিকোলাসপাড়া অতিক্রম করে দুর্গম ঝিরি ও পাহাড়ি পথ পেরিয়ে অংসাউপাড়া এলাকায় পৌঁছায়। সেখানে বিজিবির তত্ত্বাবধানে পর্যটকদের নিরাপদে রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়। অতি দুর্গম পাহাড়ি পথ, একাধিক পাহাড়ধস, ঝিরিতে পানির উচ্চতা বৃদ্ধি, প্রবল স্রোত এবং দিনব্যাপী বৃষ্টিপাতের কারণে ওইদিন দিনের আলোয় সীমান্ত সড়ক পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি।

আজ রোববার অংসাউপাড়া বিজিবি ক্যাম্প থেকে বিজিবির আরেকটি দল পর্যটকদের সাথে নিয়ে প্রায় চার ঘণ্টা পায়ে হেঁটে দুর্গম পাহাড়ি পথ ও ঝিরি অতিক্রম করে সীমান্ত সড়ক সংলগ্ন নেপিউপাড়া বিওপিতে পৌঁছায়। পরে বিজিবির যানবাহনে করে নিরাপদে তাদের থানচিতে ফিরিয়ে আনা হয়।

উদ্ধারকৃত চার পর্যটক হলেন- ঢাকার সূত্রাপুর থানার বাসিন্দা মো: মারুফ উদ্দিন (বাবা- শামসুদ্দিন বাদল), একই থানার আবু হুরায়রা জাদিম (বাবা- মো: আমিরুল ইসলাম) ও তামিম রায়হান সৌরভ (বাবা- মো: জহির রায়হান)। অপর পর্যটক মাহাদি আল মাহবুব (বাবা- মো: মাহাবুবুল আলম) ঢাকার শ্যামপুর থানার বাসিন্দা। এদের মধ্যে তামিম রায়হান সৌরভ ঢাকার নটর ডেম কলেজের ছাত্র। বাকিরা এসএসসি পাস করে কলেজে ভর্তি হবে বলে জানা যায়।

উদ্ধারকৃত পর্যটকরা জানান, বৈরী আবহাওয়ার কারণে থুইসাপাড়ায় আটকা পড়ার পর বিজিবি শুরু থেকেই তাদের নিরাপত্তা নিশ্চিত, থাকা-খাওয়ার ব্যবস্থা এবং সার্বক্ষণিক সহযোগিতা দেয়। পরে অত্যন্ত দুর্গম ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ অতিক্রম করে বিজিবি সদস্যরা তাদের নিরাপদে উদ্ধার করে থানচিতে ফিরিয়ে আনেন।

পর্যটকরা বিজিবির পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং উদ্ধার অভিযানে অংশ নেয়া সকল বিজিবি সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এ ব্যাপারে বিজিবির বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পার্বত্য অঞ্চলে পর্যটক ও স্থানীয় জনগণের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করাও বিজিবির অন্যতম দায়িত্ব। যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে থেকে দ্রুত ও কার্যকর সহায়তা প্রদান করতে বিজিবি সর্বদা প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ।