চুয়াডাঙ্গায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের (সামারি ট্রায়াল) মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন সিঅ্যান্ডবিপাড়া (মাঠপাড়া) এলাকার একটি মুরগির ফার্মের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
সদর থানা-পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) অনুজ কুমার সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম সিঅ্যান্ডবিপাড়া গ্রামের জুরান আলী জোয়ার্দ্দারের মুরগির ফার্মের পাশে অভিযান চালায়। অভিযানকালে মাদকদ্রব্য সেবন করে বেসামাল অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তিকর আচরণ করার সময় হাতেনাতে ৫ যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চুয়াডাঙ্গা সদর থানার হকপাড়া গ্রামের মো. শিতল আলী (২৬), কেদারগঞ্জ সিঅ্যান্ডবিপাড়া গ্রামের মো. শাকিব হোসেন ডাঙ্গা (২৪) ও মো. সোহেল রানা সোহাগ (৩০), সাতগাড়ি গ্রামের আশিক আলী (২০) এবং কিরণগাছী গ্রামের মো. সাইদুর রহমান (৩৩)।
গ্রেফতারের পর আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সামারি ট্রায়াল আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের অতিরিক্ত বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।



