ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্যান ও সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়েছে।
ফ্যান ও সিসি ক্যামেরা চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর সমস্ত শ্রেণিকক্ষের দরজায় তালা দেওয়া হয়। বিদ্যালয়টিতে নৈশপ্রহরী নেই। সাপ্তাহিক ছুটি শেষে রবিবার সকালে বিদ্যালয় খোলার পর দেখা যায় একটি শ্রেণিকক্ষ থেকে ৪টি এবং অন্য দুটি শ্রেণিকক্ষের ৬টি ফ্যান চুরি হয়ে গেছে। এছাড়া চোর বিদ্যালয়ের ৩টি সিসি ক্যামেরা চুরি করে নিয়ে গেছে। বিদ্যালয় বন্ধ থাকায় কে বা কারা চুরির ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। বিদ্যালয়ের সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করা সম্ভব হয়নি।
খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ বলেন, ‘বৃহস্পতিবার ছুটির সময় সবকিছু ঠিক ছিল। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। রোববার বিদ্যালয়ে এসে দেখি শ্রেণিকক্ষের দরজা খোলা। তিনটি কক্ষ থেকে ১০টি ফ্যান ও ৩টি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। চুরির বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে জানানো হয়েছে। বিদ্যালয়ে নৈশপ্রহরী নেই। চুরির বিষয়ে স্কুল পরিচালনা কমিটি ও অভিভাবকদের সাথে আলোচনা হয়েছে। সোমবার থানায় জিডি করা হবে।’
সহকারী উপজেলা শিক্ষা অফিসার এছাহাক আলী বলেন, ‘বিদ্যালয়ের মালামাল চুরির ঘটনাটি প্রধান শিক্ষক জানিয়েছেন। প্রধান শিক্ষককে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।’
বলদিয়া ইউনিয়নটি ভূরুঙ্গামারী উপজেলার অন্তর্গত হলেও নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার আওতাধীন।
কচাকাটা থানার ওসি অর্পণ কুমার দাশ বলেন, ‘চুরির বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’



