শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে খুলনায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে শিববাড়ী মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও নগরবাসীকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয়।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনা নগরীর ব্যস্ততম শিববাড়ী মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
খুলনা নগরীর ব্যস্ততম শিববাড়ী মোড়ে শিক্ষার্থীদের অবরোধ |নয়া দিগন্ত

এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে খুলনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ২টার পর নগরীর ব্যস্ততম শিববাড়ী মোড়ে জড়ো হয়ে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, সরকারি ব্রজলাল কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, সরকারি সুন্দরবন কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, খুলনা নৌবাহিনী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে শিববাড়ী মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও নগরবাসীকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয়।

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত সোমবার অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি ছিল। একই সাথে তারা বলেন, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেয়ায় অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এছাড়া অভিন্ন প্রশ্নপত্র আগের বছরের তুলনায় কঠিন হওয়ায় অধিকাংশ পরীক্ষার্থী প্রত্যাশিতভাবে পরীক্ষা দিতে পারেননি।

সরকারি সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. আসাদুজ্জামান আল গালিব, সোলায়মান ফয়সাল, রিয়াজ হাবিব, মিরাজুল ইসলাম ও জাওয়াদ রহমানসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, প্রশ্নপত্রে ভুল, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ এবং চলমান পরীক্ষায় বিভিন্ন অসঙ্গতির কারণে তারা ক্ষুব্ধ। তাদের দাবি, এসব অনিয়মের দায় শিক্ষামন্ত্রীকে নিতে হবে।

বিক্ষোভকারীরা আরো অভিযোগ করেন, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কথা থাকলেও দুর্যোগকবলিত কিছু এলাকায় পরীক্ষা স্থগিত রেখে পরে নেওয়ার সিদ্ধান্ত বৈষম্যমূলক। পাশাপাশি শিক্ষামন্ত্রীর একটি বক্তব্যেরও সমালোচনা করেন তারা।

শিক্ষার্থীরা বিক্ষোভে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত এ দাবির বাস্তবায়নের আহ্বান জানান।

প্রায় আড়াই ঘণ্টা কর্মসূচি পালনের পর বিকেল সাড়ে ৪টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে তাদের কর্মসূচি শেষ করেন।