সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে নয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ টাকা।
শনিবার (১৩ জুন) রাতে উপজেলার চারখাই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চারখাই এলাকায় চেকপোস্ট বসিয়ে জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় জকিগঞ্জের পীরেরচক এলাকার বাসিন্দা মাখন মিয়াকে (৪৫) সন্দেহ হলে তাকে আটক করা হয়।
পরে তার শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৫টি পলিথিনের প্যাকেট থেকে মোট নয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট ওজন প্রায় ৯০০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া আসামির ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা মাদকের উৎস, পাচারচক্রের সাথে তার সম্পৃক্ততা এবং এ ঘটনার সাথে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।



