বর্ষা আসছে, ডেঙ্গু বাড়ছে। তাই ডেঙ্গুবিষয়ক সচেতনতায় নেমেছে সরকার। এর অংশ হিসেবে শনিবার (৬ জুন) সকালে কিশোরগঞ্জে ডেঙ্গু সচেতনতায় শোভাযাত্রা বের করা হয়।
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয় শোভাযাত্রার আয়োজন করে। সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়। এটি শেষ হয় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে গিয়ে। এতে সরকারি সব দফতরের কর্মকর্তা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনগণ অংশ নেন।
শোভাযাত্রায় স্লোগান ছিল— ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’, ‘তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন’ ইত্যাদি।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন ও সিভিল সার্জন ডা: নাজমুল করিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। তারা রোগীদের খোঁজখবর নেন এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতা বার্তা পৌঁছে দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জেবুন নাহার শাম্মী, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা: সাইফুল ইসলাম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা: মো: মজিবুর রহমান, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: নূর মো: সামসুল আলম প্রমুখ।



