সিলেটে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক বছর বয়সী তাকরিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও ১৩৪ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
শিশু তাকরিম সিলেট সদরের টুকেরবাজার এলাকার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, নতুন ভর্তি হওয়া ১৩৪ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫১ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আটজন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আটজন ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ জন রয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৪৯ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭৯ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪৬ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে তিনজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩০ জন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৭ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৯ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৩১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত না হওয়ায় এ সংখ্যা অপরিবর্তিত রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরো একজনের মৃত্যু হওয়ায় বিভাগে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৫ জনে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৪৫ জন ও নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৬২, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ২১ ও মৌলভীবাজারে ১৩ জনের মৃত্যু হয়েছে।
নতুন করে নিশ্চিত রোগী শনাক্ত না হলেও একদিনে ১৩৪ জন সন্দেহজনক রোগীর হাসপাতালে ভর্তি ও একজনের মৃত্যু হওয়ায় সিলেটের হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।



