খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুড়িতে মঙ্গলবার (২ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, গত ২৮ মে (২৯ মে হতে ২৮ জুন, ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত) মাছ ধরা সম্পূর্ণরুপে নিষিদ্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মৎস্য কর্মকর্তা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং সারা উপজেলায় মাইকিং করে মাছ ধরা নিষিদ্ধের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছিল।
এরই ধারাবাহিকতায় প্রজনন মৌসুমে ডিমওয়ালা মা মাছ ও পোনা মাছ নিধন বন্ধে এবং মাছের অবাধ প্রজনন নিশ্চিত করার লক্ষে এ অভিযান চালানো হচ্ছে বলে উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান জানিয়েছেন।
তিনি আরো বলেন, মঙ্গলবার (২ জুন) মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর, জগন্নাথপুর ও পেটনার হাওরে অভিযান চালিয়ে ২৫টি নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। জনস্বার্থে এ অভিযান নিয়মিত চালু থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় খালিয়াজুড়ি থানার এসআই তাজুল ইসলাম তার পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন। তাছাড়া উপজেলা মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



