জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র আবু জুবায়ের (৩৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার গাবতলীতে এ ঘটনা ঘটে।
নিহত আবু জুবায়ের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের ভুল্লিরহাট গ্রামের বাসিন্দা। তিনি মানারাত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র এবং ‘জুলাই ২৪’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জুবায়েরের মৃত্যুর খবর তার পরিবার এবং দিনাজপুরে এসে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৫টা ৪৫ মিনিটে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভুল্লিরহাট বাজার থেকে এক কিলোমিটার উত্তরে শহীদ সালাউদ্দিনের কবরের পাশের চাতালে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজায় অংশগ্রহণের জন্য সকলকে বিনীতভাবে আহ্বান জানানো হয়েছে।



