কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেয়ার অভিযোগে সাবেক এমপি বাহারসহ ২১১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।
সোমবার রাতে সদর দক্ষিণ মডেল থানার এসআই আহসান হাবীব মামলাটি করেন। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫১ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ আরো ১৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
মামলায় কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে ৪৯ নম্বর, ৫০ নম্বরে ছাত্রলীগের পিয়াস ও ৫১ নম্বরে আওয়ামী লীগ নেতা রুমীকে অভিযুক্ত করে তাদের পলাতক দেখানো হয়।
মামলার অভিযোগে বলা হয়, গত রোববার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় বাস ও মাইক্রোবাসে এসে ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করা হয়। এতে সরকারবিরোধী স্লোগান দেয়া হয়। রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নের উদ্দেশে এই কার্যক্রম পরিচালিত হয়েছে বলে অভিযোগ করা হয়।
পুলিশ জানায়, মিছিল থেকে ৪৮ জনকে আটক করা হয়। সোমবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি রকিবুল ইসলাম বলেন, ‘এ মামলায় গ্রেফতার ৪৮ জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
মামলার অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।



