বড়লেখায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সোমবার বেলা ১১টার দিকে সৃজয়ী বাড়িতে খেলছিল। এ সময় তার মা রান্নাঘরে ও বাবা শাওন দাস বাথরুমে ছিলেন। কিছুক্ষণ পর বাবা ফিরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Barlekha
নিহত শিশু সৃজয়ী দাস
নিহত শিশু সৃজয়ী দাস |নয়া দিগন্ত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে সৃজয়ী দাস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দাসেরবাজার ইউনিয়নের পূর্ব লঘাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সৃজয়ী দাস পূর্ব লঘাটি গ্রামের শাওন দাসের একমাত্র মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার বেলা ১১টার দিকে সৃজয়ী বাড়িতে খেলছিল। এ সময় তার মা রান্নাঘরে ও বাবা শাওন দাস বাথরুমে ছিলেন। কিছুক্ষণ পর বাবা ফিরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটিকে পাওয়া যায়।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।