টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন

গ্রেফতার ২

গত রোববার (২৮ জুন) দিনদুপুরে নিজ বাসায় খুন হন গৃহবধূ নাজমা আলম (৫১)। খবর পেয়ে তার হাত-পা বাঁধা ও গলায় রশি পেঁচানো রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
গ্রেফতার দুইজন
গ্রেফতার দুইজন |নয়া দিগন্ত

টাঙ্গাইল শহরে এক গৃহবধূকে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— স্থানীয় মসজিদের মোয়াজ্জিন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মৃত মোতালেব সরকারের ছেলে মোশারফ হোসেন (৪২) ও স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকার (৪৫)। তাদের কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।

গত রোববার (২৮ জুন) দিনদুপুরে নিজ বাসায় খুন হন গৃহবধূ নাজমা আলম (৫১)। খবর পেয়ে তার হাত-পা বাঁধা ও গলায় রশি পেঁচানো রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নাজমা আলম ওই এলাকার ভেটেরিনারি ডাক্তার শফিউল আলম শাহীনের স্ত্রী।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী সংবাদ সম্মেলনে বলেন, ‘হত্যাকাণ্ডের সময় গলার স্বর্ণের চেইন ও হাতের বালা খোয়া যায়। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও সোর্সের মাধ্যমে প্রথমে স্বর্ণ ব্যবসায়ী সন্তোষ কর্মকারকে গ্রেফতার করি। পরে তার দেয়া তথ্যমতে সোমবার (২৮ জুন) সন্ধ্যায় হত্যাকারী মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়।’

‘পুলিশের জিজ্ঞাসাবাদে মোশারফ স্বীকার করেন যে, তিনি গৃহবধূ নাজমার হাতে ও গলায় থাকা স্বর্ণ নেয়ার চেষ্টা করে করলে নাজমা বাধা দেন। তখন মোশারফ হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে নাজমাকে হত্যা করে এবং সিসি ক্যামেরা ভেঙে ফেলে। পরে মোশারফ স্বর্ণালংকার, হাতুড়ি ও সিসি ক্যামেরার ডিভিডি সাথে করে নিয়ে যায়।’

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আসামিদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।