ঝালকাঠিতে মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েক দিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে।
একই সাথে সুগন্ধা, বিষখালীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে।
এতে জেলার নলছিটি, কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের ২০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকাগুলোর মধ্যে শৌলজালিয়া, আমুয়া, পাটিখালঘাটা, হেতালবুনিয়া ও প্রেমহার উল্লেখযোগ্য।
টানা বৃষ্টি ও অতিরিক্ত জোয়ারে এসব এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন অসংখ্য মানুষ। এদিকে পানিতে তলিয়ে গেছে রোপা আমন ও আমন আবাদের ক্ষেত। পেঁপে, লাউ, করলা, চিচিঙ্গা, চালকুমড়াসহ বিভিন্ন ধরনের লতাজাতীয় সবজি পানিতে ডুবে থাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ বলেন, ‘পানি যদি দুই-তিন দিন স্থায়ী হয়, তাহলে আমন, পানের বরজসহ অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।’
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নিলয় পাশা বলেন, ‘জোয়ার ও বৃষ্টিতে ঝালকাঠির নদ-নদীর পানি বাড়লেও এখনো বিপদসীমা অতিক্রম করেনি।’



