ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই : তথ্যমন্ত্রী

মন্ত্রী খাল পুনঃখনন, নদী ভাঙন প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তাবায়নের জন্য সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বৃক্ষরোপণ কর্মসূচিতে তথ্যমন্ত্রী
বৃক্ষরোপণ কর্মসূচিতে তথ্যমন্ত্রী |নয়া দিগন্ত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘পৃথিবী আজ মারাত্মক জলবায়ু সঙ্কটের সম্মুখীন। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপকূলবর্তী নিম্নাঞ্চলগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশও এই ঝুঁকিতে রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় এ বিপর্যয় মোকাবিলা করতে বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই।’

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে বরিশাল সদরের চরকাউয়া ইউনিয়নে পুনঃখননকৃত স্বনির্ভর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে গাছের চারা রোপণ শেষে তিনি এসব কথা বলেন।

জলবায়ু সঙ্কট মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিক পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক ও জাতীয় উভয় পর্যায়ে সমন্বিত পদক্ষেপ নেয়া জরুরি। এ প্রেক্ষিতে বৈশ্বিক জলবায়ু সম্মেলনের (কপ) আসন্ন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দল জলবায়ু ঝুঁকির বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। এছাড়া জাতীয় পর্যায়ে পরিবেশ রক্ষা ও দীর্ঘমেয়াদী সুরক্ষার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হচ্ছে।’

প্রশাসন, বিএডিসি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে এ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘পুনঃখননকৃত খালের দু’পাশে ৩০০টি তাল ও ২০০টি নারিকেল গাছের চারা রোপনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। চারাগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে নদী ভাঙন রোধ করার পাশাপাশি দীর্ঘমেয়াদী অর্থকরী ফসল হিসেবেও সুফল বয়ে আনবে।’

এসময় তিনি খাল পুনঃখনন, নদী ভাঙন প্রতিরোধ ও বৃক্ষরোপণ কর্মসূচিকে বাস্তাবায়নের জন্য সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মো: মামুন খন্দকার, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. মো: সাইফুল্লাহ বিন আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মো: আলাউল হাসান, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতারাসহ স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।