নোয়াখালী অফিস
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ কার্যকর এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর শাখা।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চৌমুহনী পৌরসভার কাছারিবাড়ী মসজিদ প্রাঙ্গণ থেকে ‘অদম্য জুলাই’ শীর্ষক মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক জেলা সভাপতি ফাহাদ হোসেন ও দাউদ ইসলাম। বক্তব্য দেন জেলা উত্তর শাখার সেক্রেটারি আমিমুল এহসান ফাহাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অফিস সম্পাদক ইয়াকুব আলী।
বক্তারা জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।



