পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেনের প্রাপ্যতা নিশ্চিত করা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি। তিনি বলেছেন, ‘বৃক্ষরোপণে কারো ক্ষতি নেই; বরং ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও সরকারের সম্মিলিতভাবে উপকার হয়।’
শনিবার (১৮ জুলাই) সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে নার্সারি মালিকদের এখন থেকেই উন্নতমানের চারা উৎপাদনে প্রস্তুতি নিতে হবে। প্রয়োজনীয় চারা সরবরাহ নিশ্চিত করা গেলে একদিকে যেমন তাদের ব্যবসার প্রসার ঘটবে, অন্যদিকে দেশের পরিবেশ সংরক্ষণ ও অর্থনীতিও উপকৃত হবে।’
তিনি বলেন, ‘অধিক মূল্যবান ও দীর্ঘমেয়াদি উপযোগী বৃক্ষের চারা উৎপাদন এবং রোপণে বিশেষ গুরুত্ব দিতে হবে। পরিকল্পিতভাবে মানসম্মত বৃক্ষরোপণ করা হলে ভবিষ্যতে মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি পরিবেশও সুরক্ষিত থাকবে।’
এম ইকবাল হোসেইন বলেন, ‘দেশের বিভিন্ন শহরে পরিবেশ দূষণ ও অক্সিজেন সংকটের বিষয়টি উদ্বেগজনক হয়ে উঠছে। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, প্রতিবছর পাঁচ কোটি করে গাছ রোপণ করা সম্ভব হলে একটি সবুজ, পরিবেশবান্ধব ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যাবে।’
ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো: গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রধান অতিথি বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।



