মাদক-জুয়া বন্ধে জনগণকেই এগিয়ে আসতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘নিজেদের মধ্যে হানাহানি, মারামারি ও বিভেদ থাকলে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা

Location :

Nawabganj
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন
প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন |নয়া দিগন্ত

সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘মাদক ও জুয়া বন্ধে জনগণকেই এগিয়ে আসতে হবে। যারা মাদক সেবন করেন, তাদের বিরত রাখতে হবে। আর যারা মাদক কারবারের সাথে জড়িত, তাদের বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিতে হবে। জনগণ সচেতন ও সহযোগিতা না করলে মাদক-জুয়া বন্ধ করা সম্ভব নয়।’

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, ‘এলাকার পরিবেশ সুন্দর ও শান্তিপূর্ণ রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। নিজেদের মধ্যে হানাহানি, মারামারি ও বিভেদ থাকলে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও সচেতন ভোটারদেরও এলাকার সমস্যা ও মানুষের প্রয়োজনের সঠিক তথ্য জনপ্রতিনিধিদের জানাতে হবে। তথ্যের ঘাটতির কারণে কেউ যাতে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হবে।’

এ সময় নবাবগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।