‘শ্রমজীবী মানুষের স্বনির্ভরতায় কর্মসংস্থানের বিকল্প নেই’

ড. নূরুল ইসলাম বাবুল বলেন, দারিদ্র্য বিমোচন ও বৈষম্য কমাতে যাকাতভিত্তিক অর্থনীতি এবং ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার বিকল্প নেই। শ্রমিক কল্যাণ ফেডারেশন এ লক্ষ্যেই শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
বক্তব্য দিচ্ছেন ড. নূরুল ইসলাম বাবুল
বক্তব্য দিচ্ছেন ড. নূরুল ইসলাম বাবুল |নয়া দিগন্ত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, দরিদ্র জনগোষ্ঠী সমাজের বোঝা নয়, তারা সমাজেরই আপনজন। শুধু সহায়তা নয়, কর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তুলতে হবে।

তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় উপকরণ পেলে একজন হতদরিদ্র মানুষ নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ পান। ক্ষুদ্র ব্যবসায়ীদের অনুদান ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে স্বাবলম্বী করা গেলে দারিদ্র্য অনেকাংশে দূর হবে। এর প্রভাব পরিবার থেকে শুরু করে পুরো সমাজ ও রাষ্ট্রে পড়বে।

বুধবার নগরীর শেখঘাট এলাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার উদ্যোগে হতদরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ব্যবসার উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. নূরুল ইসলাম বাবুল বলেন, দারিদ্র্য বিমোচন ও বৈষম্য কমাতে যাকাতভিত্তিক অর্থনীতি এবং ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার বিকল্প নেই। শ্রমিক কল্যাণ ফেডারেশন এ লক্ষ্যেই শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

কোতোয়ালী থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জাবেদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক ও সাংগঠনিক সম্পাদক মো. দিলশাদ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমজীবী ও দরিদ্র মানুষকে সহায়তার পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। এতে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন।

তারা আরো বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের শ্রম ও ঘামের ওপর দেশের অগ্রগতি অনেকাংশে নির্ভরশীল। অথচ শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত হচ্ছে না। এ অবস্থার পরিবর্তনে শ্রমিকদের অধিকার সম্পর্কে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে হতদরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার উপকরণ বিতরণ করা হয়।