ফটিকছড়িতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না তাদের। উভয়ে পরকীয়ার অভিযোগ এনে প্রায়ই ঝগড়া করতেন।

Location :

Chattogram
সামিহা হাকিম নিহা ও মারুফ পারভেজ
সামিহা হাকিম নিহা ও মারুফ পারভেজ |নয়া দিগন্ত

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় সামিহা হাকিম নিহা (১৯) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলা পৌরসভার সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

সামিহা ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়া গ্রামের লোকমান হাকিমের মেয়ে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের কান্দিরপাড় এলাকার মো: মারুফ পারভেজের সাথে সামিহার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে নানা বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। স্বামী ও স্ত্রী পরস্পরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে প্রায়ই ঝগড়া করতেন।

সামিহার মা রূপা আক্তার জানান, বিয়ের পর থেকেই তার মেয়েকে মারুফ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। একাধিকবার বিষয়টি নিয়ে পারিবারিক সালিশ ও সতর্ক করা হলেও নির্যাতন থামেনি। মঙ্গলবার রাত ১১টার দিকে মারুফ ফোন করে জানান নিহা অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে নেয়া হচ্ছে। পরে নিহাকে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযোগ রয়েছে, মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরপরই স্বামী মারুফ ও তার স্বজনেরা লাশ হাসপাতালে রেখেই চলে যায়। পরে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় তার মা রূপা আক্তার ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় মারুফ পারভেজসহ দু’জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরো তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে।

তিনি আরো জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।