মিরসরাইয়ে গোসল করতে নেমে ঘাটলার নিচে আটকে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

দুপুরে অন্য আরো দুই বন্ধুর সাথে পুকুরে গোসল করতে নামে শোয়াইব। খেলার ছলে তারা পুকুরের ঘাটলা বা সিঁড়ির এক অংশ দিয়ে ডুকে অন্য অংশ দিয়ে বের হচ্ছিল। প্রথম দু’জন পার হলেও শোয়াইব কোনো কারণে পুকুরঘাটের নিচে আটকা পড়ে যায়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
নিহত স্কুলশিক্ষার্থী শোয়াইব হোসাইন
নিহত স্কুলশিক্ষার্থী শোয়াইব হোসাইন |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটলার নিচে (পুকুরের সিঁড়ির নিচের ফাঁকা স্থান) আটকা পড়ে শোয়াইব হোসাইন নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী কাজিরহাট এলাকার খন্দকার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষার্থী মোল্লাপাড়া হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা খানম ও মোফাজ্জল হোসেন দম্পতির ছেলে। সে মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। দুই ভাইয়ের মধ্যে সে বড় ছিল।

প্রতিবেশী মো: শেখ ফরিদ জানান, দুপুরে অন্য আরো দুই বন্ধুর সাথে পুকুরে গোসল করতে নামে শোয়াইব। খেলার ছলে তারা পুকুরের ঘাটলা বা সিঁড়ির এক অংশ দিয়ে ডুকে অন্য অংশ দিয়ে বের হচ্ছিল। প্রথম দু’জন পার হলেও শোয়াইব কোনো কারণে পুকুরঘাটের নিচে আটকা পড়ে যায়।

অন্যরা গোসল শেষে বাড়ি ফিরে গেলেও সে বাড়িতে না আসায় তারা আবার পুকুরে ফিরে যায়। তাকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ঘাটের নিচে তাকে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: কামরুল হাসান বলেন, দুপুরে পুকুরে গোসল করতে নেমে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।