প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি বলেছেন, ‘শিক্ষকের হাতে শুধু পাঠ্যবই নয়, থাকা চাই জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। সময়ের সাথে প্রযুক্তির ব্যবহার, বিনোদন কিংবা টিকটক দেখা—এসব নিয়ে আপত্তি নেই; কিন্তু একজন শিক্ষককে প্রতিনিয়ত নিজেকে সমৃদ্ধ করতে হবে জ্ঞান, অনুশীলন ও প্রস্তুতির আলোয়।’
সোমবার (৩১ আগস্ট) দুপুরে দিনাজপুর শিল্পকলা অ্যাকাডেমিতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্প সম্পর্কে প্রধান শিক্ষকগণের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শিক্ষকদের টিকটক কোনো অসুবিধা নেই। তবে প্রত্যেক শিক্ষককে হতে হবে জ্ঞানের ভাণ্ডার। একজন শিক্ষক যে বিষয়ে শিক্ষার্থীদের শিক্ষা দেবেন, সে বিষয়ে তাঁর গভীর জ্ঞান থাকতে হবে। নিয়মিত অনুশীলন ও প্রস্তুতির মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে। শিক্ষকদের নিজস্ব লাইব্রেরি গড়ে তুলে নিয়মিত জ্ঞানচর্চারও আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘একজন শিক্ষক নিজেই যদি কোনো বিষয় ভালোভাবে না জানেন কিংবা তা নিয়মিত অনুশীলন না করেন, তাহলে শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা দেয়া সম্ভব নয়। একটি শিশুর স্বপ্নের প্রথম ভীতটি গড়ে ওঠে বিদ্যালয়ে, আর সেই ভীত নির্মাণের কারিগর হলেন শিক্ষক। তাই সমাজ কাঠামোয় একজন শিক্ষকের গুরুত্ব অপরিসীম।’
সভায় স্কুল ফিডিং কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে আলোচনা করেন প্রতিমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয় পর্যায়ে কর্মসূচিটির সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করা হয়।
দিনাজপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি প্রকল্প পরিচালক মো: আব্দুল মমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাজেট ও অডিট) মিজ ইসরাত জাহান, দিনাজপুর পুলিশ সুপার মো: জেদান আল মুসা, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের পরিচালক মো: আজিজুর রহমান।



