মির্জাগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা, আসামি গ্রেফতার

শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে আ: খালেক তালুকদারের বাড়ির সামনের রাস্তায় এলাকার অন্য বাচ্চাসহ ভুক্তভোগী শিশুটি খেলাধুলা করছিল। এ সময় ইউসুফ খাঁ শিশুটিকে আমড়া দেয়ার কথা বলে খালেক তালুকদারের পশ্চিম ভিটির একটি টিনের বসতঘরের মধ্যে নিয়ে যায়।

Location :

Mirzaganj
মির্জাগঞ্জ থানা, পটুয়াখালী
মির্জাগঞ্জ থানা, পটুয়াখালী |নয়া দিগন্ত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর মির্জাগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো: ইউসুফ খাঁ (৪৫) নামে একজনকে গ্রেফতার করছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে মির্জাগঞ্জের কলাগাছিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা শুক্রবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইউসুফ খাঁকে আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেফতার ইউসুফ খাঁ কলাপাড়া উপজেলার বৈদ্যপাড়া গ্রামের মরহুম ওমর আলী খাঁর ছেলে।

পুলিশ ও মামলার অভিযোগে বলা হয়, ভুক্তভোগী শিশুর বাড়ির পাশে আ: খালেক তালুকদারের বাড়ি-ঘর দেখাশোনার কাজ করতেন অভিযুক্ত ইউসুফ খাঁ। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে আ: খালেক তালুকদারের বাড়ির সামনের রাস্তায় এলাকার অন্য বাচ্চাসহ ভুক্তভোগী শিশুটি খেলাধুলা করছিল। এ সময় ইউসুফ খাঁ শিশুটিকে আমড়া দেয়ার কথা বলে খালেক তালুকদারের পশ্চিম ভিটির একটি টিনের বসতঘরের মধ্যে নিয়ে যায়।

পরে ইউসুফ খাঁ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে। এ সময় ওই শিশুর চিৎকার শুনে আশপাশ থেকে লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ইউসুফ খাঁ পালিয়ে যায়। পরে শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেন এবং পুলিশ অভিযান চালিয়ে কলাগাছিয়া গ্রাম থেকে ইউসুফ খাঁকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাখাওয়াত হোসেন বলেন, ধর্ষণের শিকার শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলা তদন্তাধীন রয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদুজ্জামান জানান, ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।