বরেন্দ্র সভ্যতার ইতিহাস-ঐতিহ্য ধারণ করে সুনাগরিক হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন ভূমিমন্ত্রী।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
ছবি : নয়া দিগন্ত

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু। তিনি বলেন, অর্জিত মেধা ও উচ্চশিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের বিকশিত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে হবে।

শনিবার সকালে রাজশাহী বরেন্দ্র কলেজ চত্বরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ভূমিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বরেন্দ্র কলেজ ভবিষ্যতে এ অঞ্চলের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে আরো শক্তিশালী অবস্থান তৈরি করবে। শিক্ষার্থীরা এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

বরেন্দ্র অঞ্চলের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের অন্যতম প্রাচীন জনপদ বরেন্দ্র অঞ্চলের সভ্যতা প্রায় তিন থেকে চার হাজার বছরের পুরোনো। এ অঞ্চলের সংস্কৃতি, ভাষা ও শিক্ষা যুগে যুগে মানুষকে আলোকিত করেছে।

তিনি ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের শহীদ ড. শামসুজ্জোহা এবং মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের আত্মত্যাগের কথা স্মরণ করেন।

শিক্ষকদের উদ্দেশে ভূমিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের কাছে এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় অতীত তুলে ধরতে হবে, যাতে তারা নিজেদের শিকড় সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনের লক্ষ্য শুরুতেই নির্ধারণ করতে হবে। কেবল রাজনীতি নয়, ভালো প্রকৌশলী, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী কিংবা অন্যান্য পেশায় দক্ষ হয়ে সমাজ ও মানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে। একইসাথে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তাদের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেন তিনি।

ভূমিমন্ত্রী আরো বলেন, বরেন্দ্র কলেজ সরকারিকরণের জন্য উপযুক্ত অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি যেন ভবিষ্যতে বিশ্বমানের মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

রাজশাহী বরেন্দ্র কলেজের গভর্নিং বডির সভাপতি তৌফিকুর রহমান লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন ভূমিমন্ত্রী।