কুষ্টিয়ার ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কের দশমাইল এলাকায় শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে পাটের বস্তাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন (২১) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টার দিকে বাহিরচর ইউনিয়নের দশমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মনির বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার সুরুজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কুষ্টিয়ামুখী শ্যামলী পরিবহনের বাসটির বিপরীত দিক থেকে লালন শাহ সেতুর দিকে যাচ্ছিল পাটের বস্তাবোঝাই ট্রাকটি। হঠাৎ ট্রাকের সামনের চাকার টায়ার ফেটে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে শ্যামলী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। এসময় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। সংঘর্ষের পর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এলাকাবাসী জানায়, দশমাইল এলাকাটি দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ। মাঝেমধ্যেই বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটে এবং প্রাণহানি হয়। তবে সড়ক নিরাপত্তায় কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ‘সকালে পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ১০ মাইল এলাকায় শ্যামলী পরিবহনের বাস ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের হেলপারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’



