ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে বদলি করেছে সরকার। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে বদলির কারণ সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।
এর আগে রাফে মোহাম্মদ ছড়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হলে আশুগঞ্জে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ওই পোস্টে দাবি করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেয়ার ঘটনায় সম্পৃক্ত ছিলেন। এ অভিযোগকে কেন্দ্র করে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ জুলাই আন্দোলনের বিভিন্ন অংশীজন এবং স্থানীয় নাগরিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউএনও রাফে মোহাম্মদ ছড়া সাংবাদিকদের বলেন, ‘ঘটনার সময় তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন এবং সেদিন রাতে দায়িত্ব পালন করলেও কোনো ধরনের গুলির ঘটনা ঘটেনি।’
তার ভাষ্য, ‘বিষয়টির সাক্ষী হিসেবে সেনাবাহিনীর কর্মকর্তারাও রয়েছেন।’
ভাইরাল পোস্টে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়া হয়নি। একইসাথে অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ অবস্থায় ভাইরাল বিতর্কের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বদলির আদেশ জারি হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



