সাতকানিয়ায় বন্যাদুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী ও প্রতিমন্ত্রী মীর হেলাল

‘বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও বিএনপি নিজ নিজ উদ্যোগে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল বৈঠক করে উদ্ধার, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন।’

মনজুর আলম, সাতকানিয়া (চট্টগ্রাম)

Location :

Satkania
সাতকানিয়ায় বন্যাদুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল
সাতকানিয়ায় বন্যাদুর্গত এলাকায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী ও প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল |নয়া দিগন্ত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ও বিএনপি নিজ নিজ উদ্যোগে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল বৈঠক করে উদ্ধার, ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দুর্যোগের শুরু থেকেই সরকার ও বিএনপি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। একই সঙ্গে তিনি বন্যা পরিস্থিতির কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেয়ারও দাবি জানান।

এদিকে, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, দীর্ঘমেয়াদে বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় সারাদেশে ২৬ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় পার্বত্য চট্টগ্রামের খালগুলোও রয়েছে। খাল পুনঃখননের পাশাপাশি খালের পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরো বলেন, বন্যার পানি নেমে গেলেও পুনর্বাসন, কৃষি পুনরুদ্ধার ও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার কাজ অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন—সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।