সিলেটে আরো ৬ ডেঙ্গুরোগী শনাক্ত

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ছয়জনের মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালে চারজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে একজন রয়েছেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ডেঙ্গুরোগী শনাক্ত
ডেঙ্গুরোগী শনাক্ত |ফাইল ছবি

সিলেটে বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ছয়জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৫ জনে। তবে একই সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ছয়জনের মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালে চারজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে একজন রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার সিলেট বিভাগে ছয়জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিলেন। পরদিন শুক্রবার নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। একদিন পর ফের ছয়জন শনাক্ত হওয়ায় বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে।

এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে ছয়জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে দু’জন চিকিৎসাধীন।

স্বাস্থ্য বিভাগের জেলা-ভিত্তিক তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ২১৫ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ হবিগঞ্জে ১০১ জন। এছাড়া সুনামগঞ্জে ৪৭ জন, সিলেটে ৪০ জন, মৌলভীবাজারে ২১ জন এবং অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ছয়জন রয়েছেন।

চলতি বছরে ডেঙ্গুতে সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা এবং সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগ ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দিয়েছে। পাশাপাশি জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়েছে।