পিরোজপুরের মঠবাড়িয়ায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অমান্য করে অবৈধ চাক ও চায়না দুয়ারী জাল বিক্রির দায়ে তিন ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত এবং জব্দ প্রায় দুই লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে বালুর মাঠে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ জাল বিক্রির দায়ে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য আইন অনুযায়ী প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা দেয়া হয়। একইসাথে উদ্ধার অবৈধ জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।
আসামিরা হলেন, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আবুল হোসেনের ছেলে মো: রানা (৩০), একই গ্রামের আবদুল খালেকের ছেলে মুছা মিয়া (৪০) এবং দক্ষিণ মিঠাখালী গ্রামের হোসেন মুন্সির ছেলে আইয়ুব মুন্সি (৩৫)।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। অভিযান পরিচালনাকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মোজাম্মেল হক।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, ইলিশসহ দেশের অন্য মৎস্য সম্পদ রক্ষায় সরকারের নির্দেশনা বাস্তবায়নে মৎস্য আইন অমান্যকারীদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়েছে। প্রাকৃতিক মৎস্য প্রজনন ও জনস্বার্থে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ জালের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



