নীলফামারীর কিশোরগঞ্জে অভিযান চালিয়ে লুতু ট্রের্ডাস নামে একটি গোডাউন থেকে ১০ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় গোডাউনের ম্যানেজারের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামের বিনয় চন্দ্রের ছেলে আপন রায় (৩০)।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কীটনাশক ব্যবসায়ী লুৎফর রহমান লুতুর যদুমনি গ্রামের গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে গোডাউনে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকগুলো মাটিতে পুতে ধ্বংস করা হয়। মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইনে গোডাউনের ম্যানেজার আপন রায়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন চন্দ্র দেব শর্মা প্রমুখ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করে মাটিতে পুতে ধ্বংস করা হয়। ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।



