নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এ সময় আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে অন্তত ছয়টি ট্রেন আটকা পড়ে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পর জরুরি মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশনসংলগ্ন ২২৭/০ থেকে ২২৭/১ নম্বর রেল পিলারের মধ্যবর্তী এলাকায় রেললাইনে এই ভাঙন দেখা দেয়।
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিয়মিত পরিদর্শনের সময় কর্তব্যরত রেলকর্মীদের রেললাইনের ভাঙা অংশটি নজরে আসে। বিষয়টি শনাক্ত হওয়ার সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন তারা। পরে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জরুরি মেরামত কাজ শুরু করেন।
নিরাপত্তাজনিত কারণে এ সময় রাজশাহীর সাথে সব ধরনের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এতে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেসসহ অন্তত ছয়টি ট্রেন আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে। দীর্ঘ সময় যাত্রীরা দুর্ভোগে পড়েন।
ঘটনাস্থলে কর্মরত রেলওয়ের মিস্ত্রি (মেট) মোস্তাক আহমেদ জানান, সকালে রেললাইন ভাঙার বিষয়টি শনাক্ত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত মেরামত কাজ শুরু করা হয়। আপাতত মেরামত করা অংশ দিয়ে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। পুরোপুরি মেরামত সম্পন্ন হলে ট্রেন তার স্বাভাবিক গতিতে চলাচল করবে।
এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো: মাসুদ রানা বলেন, ‘সকাল পৌনে ৭টার দিকে রেললাইন ভাঙার খবর পাওয়ার পরপরই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর জরুরি মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়।’
তিনি আরো বলেন, ‘বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। তবে মেরামত করা অংশ দিয়ে ট্রেনগুলো ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে চলাচল করছে। আটকে পড়া ট্রেনগুলো পর্যায়ক্রমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।’



