অভ্যন্তরীণ কোন্দল

বান্দরবানে জাতীয় যুবশক্তির ১০ নেতাকর্মীর পদত্যাগ

স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃত্বের মধ্যে চলমান মতবিরোধ ও কোন্দলের কারণে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাংগঠনিক পরিবেশ নষ্ট হচ্ছে।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির বান্দরবান জেলা কমিটির ১০ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

অভ্যন্তরীণ বিরোধ, দলীয় কোন্দল ও সাংগঠনিক বিশৃঙ্খলার জেরে এসব নেতাকর্মীরা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

শনিবার (৪ জুলাই) এক বিবৃতির মাধ্যমে পদত্যাগ কারীরা এই তথ্য জানিয়েছেন।

পদত্যাগকারীরা হলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বাবলু নন্দী, যুগ্ম সদস্য সচিব (দফতর) মো: শাহাদাত হোসেন, যুগ্ম সদস্য সচিব জুবায়েদ হোসাইন ইমরান, যুগ্ম সদস্য সচিব (যুব উন্নয়ন) আব্দুল্লাহ আল হাসান, মুখ্য সংগঠক ইয়াসিন আরাফাত এবং সংগঠক আব্দুর রহিম আশিক, নাজমুল আলম, মো: সোহান, মো: সরোয়ার ও মাহমুদুল হাসান অভি।

তারা জানিয়েছেন, স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃত্বের মধ্যে চলমান মতবিরোধ ও কোন্দলের কারণে সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাংগঠনিক পরিবেশ নষ্ট হচ্ছে। বারবার কেন্দ্রীয় নেতাদের বিষয়টি অবহিত করা হলেও সমস্যার সুনির্দিষ্ট সমাধান না হওয়ায় তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তারা আরো বলেন, সংগঠনের নীতি, আদর্শ ও সাংগঠনিক মূল্যবোধের সাথে সমন্বয় রেখে দায়িত্ব পালন করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই তারা স্বেচ্ছায় জাতীয় যুবশক্তির সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন।

জাতীয় যুবশক্তির বান্দরবান জেলা শাখার মুখ্য সংগঠক ইয়াসিন আরাফাত সাংবাদিকদের জানান, এনসিপির নতুন জেলা কমিটি গঠনের পর আমাদের কোনো কার্যক্রমে সম্পৃক্ত করা হয়নি। আমাদের অবহেলা করা হয়েছে। এ কারণেই আমরা পদত্যাগ করেছি।

জাতীয় যুবশক্তির জেলা শাখার আহ্বায়ক সাদ্দাম হোসেন নেতাকর্মীদের পদত্যাগপত্র পাওয়ার কথা স্বীকার করেছেন এবং তা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।