সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘চাকরির পেছনে না ঘুরে নিজেকে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন। বর্তমান সরকার অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল সৃষ্টি করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা মনে করি, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে না পারলে দেশ পিছিয়ে থাকবে। তাই আপনাদের প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী হতে হবে।’
শুক্রবার (১২ জুন) সকালে দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্সের ‘তিথিডোর’ হলরুমে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মো: আব্দুল মতিন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো: জেদান আল মুসা ও বিভাগীয় সমাজসেবা কার্যালয় রংপুরের পরিচালক (উপ সচিব) মোসা: জিলুফা সুলতানা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও সিভিল সার্জন ডা: আসিফ ফেরদৌস।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার গোলাম আজম। এছাড়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মুনির হোসেন ও শহর সমাজসেবা অফিসার মো: মাইনুল ইসলাম।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উক্ত অনুষ্ঠানে ৪৯ জনকে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ, ২৫ জন প্রশিক্ষনার্থী, সাংবাদিক ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।



