কক্সবাজারে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় পররাষ্ট্র সচিব আসাদ আলম বলেছেন, ‘সবকিছু বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে রাখাইনে রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ।’
রোহিঙ্গাদের সম্মানজনক, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনই সরকারের লক্ষ্য। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে বাংলাদেশ সরকার ও নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল আয়োজিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনা শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এ সময় রোহিঙ্গা সঙ্কটের নয় বছর পূর্তি সামনে রেখে আয়োজিত এ সভায় সঙ্কটের বর্তমান পরিস্থিতি, প্রত্যাবাসনের সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। এতে সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধি, কূটনীতিক, জাতিসঙ্ঘ, দাতা সংস্থা ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
এছাড়াও রোহিঙ্গা শিশু ও তরুণদের চিত্রকর্ম, আলোকচিত্র ও প্রবন্ধ নিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে রোহিঙ্গাদের অভিজ্ঞতা, স্বপ্ন ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরা হয়েছে।



