সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী

‘মব’ অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে

‘মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে। মব অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার।’

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ |নয়া দিগন্ত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে। মব অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার।’

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটে বিজিবির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে। এতে করে সীমান্তে চোরাচালানসহ সব অপরাধ কমে আসবে। এছাড়া চোরাচালান নিয়ন্ত্রণে ডিজিটাল পদ্ধতিতে প্রস্তুতি নেয়া হচ্ছে। মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন আরো শক্তিশালী করা হচ্ছে।

দুপুরে বিজিবির সিলেট সেক্টরের কার্যালয়ে ‘সীমান্ত স্কুল অব ওয়েলফেয়ার অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও স্থিরচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রীর সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সিলেট জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত বিশেষ পর্যালোচনা সভায় অংশগ্রহণ করবেন তিনি।

বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।