ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের আরো ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ শহরের কোতোয়ালি মডেল থানার আলালপুর এলাকায় নিপা অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ময়মনসিংহের হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাসের সাথে হালুয়াঘাট থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। এ সময় দুই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়।
নিহত বাসযাত্রীর নাম মো: আবদুর রাজ্জাক (৬০)। তিনি হালুয়াঘাট উপজেলার ধারা এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে দুর্ঘটনাকবলিত বাস দু’টি সরিয়ে নিলে যান চলাচল সাভাবিক হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরানোর উদ্যোগ নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে। নিহত অন্য দুই জনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।



