শার্শায় গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেফতার ৩

শুক্রবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শার্শা উপজেলার এক প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির উঠানে বের হয়। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে ঘরে নিয়ে যায়।

বেনাপোল (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
গ্রেফতার ধর্ষণ মামলার তিন আসামি
গ্রেফতার ধর্ষণ মামলার তিন আসামি |নয়া দিগন্ত

যশোরের শার্শা উপজেলায় এক গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন।

এর আগে, রোববার (১৪ জুন) রাতে পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হলে রাতেই তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ‍তিনজন হলেন— উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়ার ঘোপ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে হাসিব আল হাসান (১৯), ছোট বসন্তপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে আব্দুর রহমান ইমন (২৪) ও একই গ্রামের মালেক মোড়লের ছেলে মেহেদি হাসান টুটুল (২৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শার্শার উপজেলার এক প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাড়ির উঠানে বের হয়। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে ঘরে নিয়ে যায়। অভিযোগে বলা হয়, প্রথমে এক নম্বর আসামি হাসিব আল হাসান তাকে ধর্ষণ করেন। পরে অন্যরা হুমকি দিয়ে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ও নারীকে ধর্ষণ করে।

ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় তাকে চিৎকার করতে নিষেধ করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেয়া হয়। পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে রাতে প্রধান আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোর্পদ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।