মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার, তদন্ত শুরু

বরিশালে একটি মেসের বন্ধ কক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার, তদন্ত শুরু
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার, তদন্ত শুরু |নয়া দিগন্ত

বরিশালে একটি মেসের বন্ধ কক্ষ থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

কয়েকদিন ধরে কক্ষটি ভেতর থেকে বন্ধ থাকায় এবং মঙ্গলবার (২১ জুলাই) রাতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে লাশটি উদ্ধার করে।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহত উচ্ছ্বাস কর্মকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি খুলনা জেলার বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভোলা রোডের শশী ভিলার একটি ফ্ল্যাটে একাই বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে উচ্ছ্বাসের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ বের হলে মেসের অন্যান্য বাসিন্দারা বিষয়টি বন্দর থানা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ঘটনাস্থলে উপস্থিত হন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. গাজী মো: সাখাওয়াত হোসেন বলেন, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বরিশাল বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, লাশের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি আত্মহত্যা কি না, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।