মাদকবিরোধী বার্তা নিয়ে টঙ্গীর সড়কে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ, দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Location :

Tongi
মাদকবিরোধী বার্তা নিয়ে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি বের হয়
মাদকবিরোধী বার্তা নিয়ে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি বের হয় |নয়া দিগন্ত

গাজীপুর মহানগর প্রতিনিধি
বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে ব্যতিক্রমী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টঙ্গী মডেল শাখার উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

শুক্রবার ভোরে ফজরের নামাজের পর থেকেই অংশগ্রহণকারীরা সাইকেল নিয়ে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা মাঠে জড়ো হন। সকাল ৬টায় মাদরাসার প্রধান ফটক থেকে র‍্যালিটি শুরু হয়ে বোর্ড বাজারসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা মাঠে এসে শেষ হয়। পুরো রুটজুড়ে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

ভোরের নির্মল পরিবেশে শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণ স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় থেকেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ, জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান, ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি জাকির হোসেন, জেলা সভাপতি ইসমাইল পাঠান, টঙ্গী মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি ও তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম এবং জিএস মুর্তুজা হাসান ফুয়াদসহ সংগঠনের নেতারা।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ড. হাফিজুর রহমান বলেন, একটি নগর শুধু অবকাঠামোর সমষ্টি নয়; এটি মানুষের বাসযোগ্য একটি পরিবেশ। সুযোগ পেলে তিনি গাজীপুরকে পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক নগর হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

তিনি বলেন, “মাদকের ভয়াবহতা একটি সমাজকে ভেতর থেকে দুর্বল করে দেয়। বিশেষ করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত, সুশৃঙ্খল ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরো বলেন, দেশের সবচেয়ে বড় শক্তি তরুণ প্রজন্ম। তাদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে তারাই ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবে। টঙ্গীতে মাদকের বিস্তার উদ্বেগজনক উল্লেখ করে তিনি শুধু খুচরা বিক্রেতা নয়, মাদকের মূল সরবরাহকারী চক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ বলেন, মাদকের বিস্তারে সমাজে অপরাধ, পারিবারিক অস্থিরতা ও সামাজিক অবক্ষয় বাড়ছে। কার্যকরভাবে মাদক নির্মূল করা না গেলে সমাজ আরও ভয়াবহ সঙ্কটে পড়বে। এ জন্য সচেতন ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি কুমিল্লায় মাদকবিরোধী কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের নিন্দা জানিয়ে বলেন, জনসচেতনতামূলক কর্মসূচিতে বাধা দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

টঙ্গী মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি মঈনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান আপসহীন। তরুণদের সম্পৃক্ত করে মাদকমুক্ত সমাজ গঠনের আন্দোলন অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ, দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।