সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সাঘাটায় মাদক সেবন করে পরিবারের সদস্যদের সাথে অসদাচরণ ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রানা মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত।
দণ্ডপ্রাপ্ত রানা উপজেলার ভূতমারা গ্রামের মো: নায়েব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে রানা তার ভগ্নিপতি নুরুন্নবীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে অসদাচরণ ও তাণ্ডব চালান। একপর্যায়ে তিনি বাড়িতে তালা লাগিয়ে দেন এবং আগুন লাগিয়ে দেয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শাহ মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, ‘রানা মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। মাদক সেবনের কারণে তিনি প্রায়ই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতেন। সোমবার রাতে ভগ্নিপতি নুরুন্নবীর বাড়িতে গিয়ে তাণ্ডব চালানোর পর স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনকে খবর দেন।’
সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত বলেন, ‘স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী রানা মিয়া মাদক সেবন করে পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ করতেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইন অনুযায়ী তাকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় আনা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।’



