বগুড়া মহাসড়কে চাকা মেরামতের সময় ট্রাকচাপায় নিহত ২

কাঠবোঝাই মিনি ট্রাকের পেছনের চাকা নষ্ট হয়ে গেলে ড্রাইভার হেলপার ও মেকানিক ঢাকা-মহাসড়কের ওপরেই গাড়িটি জ্যাক দিয়ে উঁচু করে মেরামতের কাজ করার একপর্যায়ে হঠাৎ জ্যাকটি সরে গেলে কাঠবোঝাই ট্রাকটি নিচে থাকা তিনজনকে চাপা দেয়।

Location :

Bogura
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |ফাইল ছবি

শেরপুর (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে চাকা মেরামত করার সময় কাঠের জ্যাক (গাড়ি উঁচু করে রাখার জন্য ব্যবহৃত যন্ত্র) সরে গিয়ে ট্রাকচাপায় দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মহিপুর বাজার ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার ইসলামপুর হরিগাড়ী এলাকার মামুন হোসেন (৪০) ও হানজালা (৩৫)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে একটি কাঠ বোঝাই মিনি ট্রাকের পেছনের চাকা নষ্ট হয়ে গেলে ড্রাইভার হেলপার ও মেকানিক ঢাকা-মহাসড়কের ওপরেই গাড়িটি জ্যাক দিয়ে উঁচু করে মেরামতের কাজ করার একপর্যায়ে হঠাৎ জ্যাকটি সরে গেলে কাঠবোঝাই ট্রাকটি নিচে থাকা তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় ও একজন গুরুতর আহত হন।

সংবাদ পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা দু’জনের লাশ উদ্ধার করেন। এবং একজনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন ।

হাইওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।