কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদের (৫৫) নামে একজন চালক নিহত হয়েছেন। এতে আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের উপজেলার চিলাকাড়া মৌলভীবাড়ী সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের ঢাকার হাজারীবাগ এলাকার বাসিন্দা এবং তিনি ওই এলাকার মরহুম আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ‘অনন্যা ক্লাসিক’ পরিবহনের একটি বাসের সাথে ঢাকা থেকে নিকলী হাওরের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও মাইক্রোবাস দু’টিই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক আব্দুল কাদের নিহত হন। এ সময় মাইক্রোবাস ও বাসে থাকা আরো কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা মাইক্রোবাসের দরজা কেটে চালকের লাশ বের করে আনেন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
পাকুন্দিয়া ফায়ার সার্ভিস ইউনিটের টিম লিডার মো: ওমর আলী জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। নিহত মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



