নাটোরের নলডাঙ্গায় জাতীয় যুবশক্তির নেতাকে পিটিয়ে জখম করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ। হামলায় গুরুতর আহত নাটোর জেলা এনসিপির যুব সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: শান্ত ইসলাম (২৬) উপজেলার সেনভাগ লক্ষ্মীকোল গ্রামের মো: আব্দুস সাত্তারের ছেলে।
ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে যুব সংগঠনের নেতাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়।
নাটোর সদর হাসপাতাল থেকে চিকিৎসা শেষে রাত ৯টার দিকে তিনি তার নিজস্ব লোকজন ও সমর্থকদের সাথে নিয়ে নলডাঙ্গা থানায় উপস্থিত হয়ে আসামিদের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দাখিল করেন।
রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ৪নং পিপুরুল ইউনিয়নের সেনভাগ লক্ষ্মীকোল মাদ্রাসা মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলার এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সেনভাগ ইসলামিয়া মাদ্রাসা মাঠে স্থানীয় যুবকেরা ফুটবল খেলছিলেন। খেলা শেষে মাঠেই সেনভাগ মাদ্রাসা পাড়ার মৃত সাদেক আলীর ছেলে আব্দুল হান্নান (৪৫) (আওয়ামী লীগপন্থী) এবং তার ছেলে মোঃ শান্ত ইসলাম (২০) ভিকটিম শান্তকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাঠে আর ফুটবল খেলা হবে না, সামনে আমার নেত্রী আসতেছে।’
এই বক্তব্যকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তীব্র কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাবা ও ছেলে মিলে ভিকটিম শান্ত ইসলামকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত ও গুরুতর জখম করেন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ভিকটিমকে দ্রুত উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের মাথায় ৫টি সেলাই দেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নূরে আলম বলেন, ‘এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে লক্ষ্যে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। এই ঘটনায় বাদী আসামিদের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দাখিল করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’



