‘১৭টি বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি, এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে’—বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় শ্রীনগরের ষোলঘর হাইস্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু জামায়াতকে উদ্দেশ্য করে আরো বলেন, ‘গত ১৭টি বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করেছি। এই আন্দোলনে আমাদের ৩ হাজারেরও বেশি নেতা-কর্মী গুমের শিকার হয়েছেন। অসংখ্য নেতা-কর্মী নির্যাতন, মামলা-হামলা ও নিপীড়নের শিকার হয়েছেন। আপনারাও সেই সময় আমাদের সঙ্গে রাজপথে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। তাই দেশকে এগিয়ে নিতে সরকারের গঠনমূলক আলোচনা করুন।’
শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মুকুল, শ্রীনগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মাসুদ রানা, ১ নম্বর সদস্য রাজু আহম্মেদ, সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ শিকদার, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাফকাত হোসেন রকি এবং নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।



